উন্নয়নশীল বিশ্বের ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোকে অর্থায়নের লক্ষ্যে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএইড) ও গ্রামীণ ফাউন্ডেশন যৌথ উদ্যোগে ১৬ কোটি ২৫ লাখ মার্কিন ডলারের একটি ক্রেডিট গ্যারান্টি ঘোষণা করেছে। তারা স্থানীয় মুদ্রায় ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোকে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে অর্থায়ন করবে।
এ ব্যাপারে ইউএসএইড এবং গ্রামীণ ফাউন্ডেশন সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ইউএসএইডের ভারপ্রাপ্ত প্রশাসক অ্যালোনজো ফুলঘ্যাম এবং গ্রামীণ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট অ্যালেক্স কাউন্টস নিজ নিজ সংস্থার পক্ষে এ চুক্তিতে সই করেন।
ইউএসএইডের এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিশ্বব্যাপী বর্তমানে ১৫ কোটিরও বেশি দরিদ্র মানুষ ক্ষুদ্রঋণ নেওয়ার বিষয়ে নির্ভরশীল। যারা ক্ষুদ্রঋণ নিয়ে উপার্জনমুখী কর্মকাণ্ডে জড়িত হন।
বৈশ্বিক অর্থনীতিতে চলমান মন্দার কারণে ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর জন্য যখন বেসরকারি খাতের তহবিল পাওয়া দুষ্কর হয়ে পড়েছে, তেমনি এ সময় ইউএসএইড ও গ্রামীণ ফাউন্ডেশন এই ক্রেডিট গ্যারান্টির উদ্যোগ নিয়েছে। এর ফলে ক্ষুদ্র ব্যবসায় ও দরিদ্রদের উপার্জনমুখী কর্মকাণ্ডে অর্থায়নের ব্যাপারে ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলো সক্ষম হবে।
Ref. URL: http://prothom-alo.com/detail/date/2009-10-28/news/15383
| < পূববর্তী | পরবর্তী > |
|---|























