জাতিসংঘের সম্মানজনক এএইচ বুর্মা অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। রোমে তিন দিনের খাদ্য নিরাপত্তা শীর্ষ সম্মেলনের শেষ দিন ১৮ নভেম্বর তাঁকে এই পদক প্রদান করা হয়। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার মহাসচিব জ্যাক দিয়ুফ এদিন কৃষি সাংবাদিকতার সবচেয়ে মর্যাদাপূর্ণ এ পুরস্কার (২০০৮-০৯) বিজয়ীদের নাম ঘোষণা করেন।
এবার এ পদকে ভূষিত অপর সাংবাদিক হলেন ফ্রান্সের ল্যাইটিটা ক্লোভরেল। শাইখ সিরাজ প্রথম বাঙালি এবং পঞ্চম এশীয়, যিনি এই পুরস্কার পেলেন।
ক্ষুধা ও দারিদ্র্য নিরসনে শাইখ সিরাজের অবদান তুলে ধরতে গিয়ে জ্যাক দিয়ুফ তাঁর ভাষণে বলেন, ‘মি. সিরাজ তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবনে কৃষকদের যেকোনো সমস্যায় তাঁদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন এবং সেগুলো রাষ্ট্রের নীতিনির্ধারকদের সামনে নিয়ে এসেছেন।’ শাইখ সিরাজের হাতে পুরস্কার তুলে দিয়ে তিনি এ অর্জনকে বিশ্ববাসীর জন্য অনুপ্রেরণা ও দিকনির্দেশনা হিসেবে অভিহিত করেন।
পুরস্কার গ্রহণ শেষে শাইখ সিরাজ তাঁর প্রতিক্রিয়ায় দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘কৃষি, কৃষক কিংবা গ্রামীণ জীবনের সত্যিকারের মঙ্গল আনতে হলে সেখানে গিয়ে সমস্যা তুলে আনা ছাড়া তা সমাধানের অন্য কোনো পথ নেই।’
Ref. URL: http://www.prothom-alo.com/detail/date/2009-11-23/news/21326
| পরবর্তী > |
|---|























