বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, বাংলাদেশের যা কিছু সাফল্য, তার সবটার দাবিদার আমাদের কৃষকেরা। কারণ কৃষিই আমাদের অর্থনীতির ভিত।
গতকাল বৃহস্পতিবার বিকেলে শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজীরচর ইউনিয়নের লংগরপাড়া বাজারে কৃষিঋণ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর আতিউর রহমান এসব কথা বলেন। কৃষি ব্যাংকের শ্রীবরদী শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
আতিউর রহমান বলেন, ভালো ফলনের জন্য এ বছর খাদ্য আমদানিতে বেশি ডলার খরচ করতে হয়নি। ফলে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার সমৃদ্ধ হয়েছে।
গভর্নর জানান, বর্গাচাষিদের জমি নেই বলে তাঁরা কৃষিঋণ পান না। তাঁদের কৃষিঋণ দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে কৃষি ব্যাংক।
কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগামী) আসনের সাংসদ এ কে এম ফজলুল হক, শেরপুর-১ (সদর) আসনের সাংসদ মো. আতিউর রহমান, শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. খোরশেদ আলম প্রমুখ।
পরে গভর্নর আতিউর রহমান শ্রীবরদী উপজেলার লংগরপাড়া, সদর উপজেলার পাকুরিয়া এবং ঝিনাইগাতী উপজেলার তেঁতুলতলা ক্যাম্পে ৬০৩ জন কৃষকের মধ্যে এক কোটি ৯১ লাখ ৫১ হাজার টাকা ঋণ বিতরণ করেন।
Ref. URL: http://www.prothom-alo.com/detail/date/2009-11-13/news/19028
| পরবর্তী > |
|---|























