সারা দেশে ধানের ফসল রক্ষায় প্রাকৃতিক পদ্ধতিতে বাদামি ঘাস ফড়িং দমনের জন্য আক্রান্ত ধানের খড় (নাড়া) পোড়ানোর কর্মসূচি শুরু হয়েছে। কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী গতকাল বুধবার সকালে মুঠোফোনের মাধ্যমে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের ছালুয়াতলা গ্রামে এ কর্মসূচির উদ্বোধন করেন।
কৃষিমন্ত্রী এ সময় ফোনে কৃষি কর্মকর্তা ও কৃষকদের উদ্দেশে বলেন, পোকার আক্রমণ দমনে সারা দেশে ধানের খড় পোড়ানোর কর্মসূচি নেওয়া হয়েছে। এ উপজেলা থেকে কর্মসূচির সূচনা হলো। পোকা যাতে আগামী বোরো ফসল ক্ষতিগ্রস্ত করতে না পারে, সে জন্য খড় পোড়ানোর এ কর্মসূচি সারা দেশে ছড়িয়ে দিতে হবে।
মতিয়া চৌধুরী বলেন, ধানের খড়ের ভেতর বাদামি ঘাস ফড়িং ও এর ডিম জীবিত রয়েছে। আগুন দিয়ে এ খড় পুড়িয়ে দিলে পোকা ও ডিম দুটোই মরে যাবে। তাতে ভবিষ্যতে পোকার আক্রমণের আশঙ্কা কম থাকবে। অন্যদিকে খড়ের ছাই জমির উর্বরতা বাড়াবে।
খড় পোড়ানো কর্মসূচি উপলক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান বাদশা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. বানেজ আলী মিয়া, জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা মো. শাহজাহান আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম, নালিতাবাড়ী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহসহ আওয়ামী লীগের নেতা-কর্মী ও ছালুয়াতলা গ্রামের কৃষকেরা উপস্থিত ছিলেন।
Ref. URL: http://prothom-alo.com/detail/date/2009-12-03/news/22912
| পরবর্তী > |
|---|























