রাঙামাটিসহ পার্বত্য চট্টগ্রামে প্রচুর মৌসুমি ফল ও মসলা উত্পাদিত হলেও বাজারব্যবস্থার অসুবিধা ও সংরক্ষণের অভাবে কৃষকেরা ভালো দাম পান না। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকসহ সব বাণিজ্যিক ব্যাংকের এগিয়ে আসা উচিত।
গতকাল বুধবার উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে অগ্রণী ব্যাংক রাঙামাটি শাখার আয়োজনে স্বচ্ছ প্রক্রিয়ায় কৃষি ও পল্লীঋণ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকারদের প্রতি এ আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামে এটাই এ ধরনের প্রথম ঋণ বিতরণ কর্মসূচি।অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ নওশেদ আলী চৌধুরী।
আরও বক্তব্য দেন অগ্রণী ব্যাংকের চট্টগ্রামের উপ-মহাব্যবস্থাপক মো. শাহ আলম, রাঙামাটি সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মিনতি চাকমা, কৃষক রত্ন কুমার চাকমা প্রমুখ।
Ref. URL: http://prothom-alo.com/detail/date/2009-11-19/news/20409
| < পূববর্তী | পরবর্তী > |
|---|























