দীর্ঘ ছয় মাস পর চট্টগ্রাম ইউরিয়া সারকারখানায় (সিইউএফএল) ফের পুরোমাত্রায় উত্পাদন শুরু হয়েছে। বাংলাদেশ শিল্প রসায়ন সংস্থা (বিসিআইসি) সূত্র জানিয়েছে, গত শুক্রবার কারখানায় প্রায় এক হাজার ৪০০ মেট্রিক টন সার উত্পাদিত হয়েছে। কয়েক দিনের মধ্যে উত্পাদনের পরিমাণ এক হাজার ৫০০ মেট্রিক টনে পৌঁছাবে।
গ্যাসের সংকটের কারণে ছয় মাস আগে সিইইএফএল বন্ধ হয়ে যায়। মাস খানেক আগে সিইউএফএল চালু করা হলেও গ্যাসের স্বল্পতায় ক্ষমতার চেয়ে অনেক কম সার উত্পাদন হচ্ছিল। কিন্তু পাঁচ দিন আগে রাউজান তাপবিদ্যুকেন্দ্রের ২ নম্বর ইউনিট বন্ধ হয়ে যায়। পরে সিইউএফএলে ৪৯ মিলিয়ন ঘনফুট করে গ্যাসের সরবরাহ আসে। চাহিদার প্রায় সমপরিমাণ গ্যাসের সরবরাহ আসায় বৃহস্পতিবার দুপুর থেকে পুরোমাত্রায় সার উত্পাদন শুরু হয়।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম খান জানান, অনেক আগেই এটি চালু করা হলেও উত্পাদন ছিল অনেক কম। চাহিদা অনুযায়ী গ্যাস পাওয়ায় গত বৃহস্পতিবার প্রথমবারের মতো পুরোমাত্রায় সার উত্পাদন শুরু হয়েছে।
কারখানার ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (প্রশাসন) মাহবুব ছালাম জানান, সরকার কারখানায় প্রতিদিন ৪৯ এমএমসিএফ গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এই সিদ্ধান্ত প্রশংসনীয়। কারখানায় উত্পাদন বেড়ে যাওয়ায় সারের সংকট দূর হবে এবং বাজার স্থিতিশীল থাকবে বলে তাঁরা আশা করছেন।
Ref. URL: http://prothom-alo.com/detail/date/2009-11-16/news/19802
| < Prev |
|---|























