নিউ ওয়েস্টার্ন মেরিন শিপ বিল্ডার্স ও নারায়ণগঞ্জ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড শিপবিল্ডিং লিমিটেড যৌথভাবে দেশে প্রথমবারের মতো গাড়ি পারাপারের একটি ফেরি (রো রো ফেরি) তৈরি করছে। এতে খরচ হবে ২৯ কোটি ৬৬ লাখ ৩৫ হাজার টাকা। দেশে ব্যবহূত ফেরিগুলো এর আগে ডেনমার্ক থেকে আমদানি করা হতো বলে জানা যায়।
ফেরি নির্মাণ বিষয়ে গত বৃহস্পতিবার নিউ ওয়েস্টার্ন মেরিন শিপ বিল্ডার্সের সঙ্গে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) একটি চুক্তি সই হয়। বিআইডব্লিউটিসির প্রকল্প পরিচালক জিয়াউল ইসলাম ও নিউ ওয়েস্টার্ন মেরিন শিপ বিল্ডার্সের পরিচালক (অপারেশন্স) এ বি এম ফজলে রাব্বী নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।
এ প্রসঙ্গে নিউ ওয়েস্টার্ন মেরিন শিপ বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. শাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘প্রতিযোগিতামূলক দরপত্রে অংশ নিয়ে আমরা দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা থেকে প্রায় ২০ কোটি টাকা কম দামে এই ফেরি নির্মাণের কাজ পেয়েছি। ২০১১ সালে বিআইডব্লিটিসিকে এই ফেরি সরবরাহ করার কথা। আগে বিদেশ থেকে ফেরি আমদানি করায় অনেক বিদেশি মুদ্রা খরচ হতো।’
গত জুন মাসে আহ্বান করা ফেরি নির্মাণসংক্রান্ত দরপত্রে পাঁচটি প্রতিষ্ঠান অংশ নেয়।
Ref. URL: http://prothom-alo.com/detail/date/2009-11-23/news/21323
| Next > |
|---|























