মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বেড়াতে আসা পর্যটকদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে। গড়ে তোলা হচ্ছে আলাদা বনভোজন কেন্দ্র। গত ২৬ আগস্ট উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে উদ্যানে প্রবেশমূল্যও বাড়ানো হবে। আগামী ১ নভেম্বর থেকে এসব সিদ্ধান্ত কার্যকর হবে।
লাউয়াছড়া বাংলাদেশের সংরক্ষিত বনাঞ্চলগুলোর মধ্যে অন্যতম। সমন্বিত সংরক্ষিত এলাকা সহায়তা প্রকল্পের আইপ্যাক সহ-ব্যবস্থাপনা কমিটির পরিচালনায় এই উদ্যানে সম্প্রতি পর্যটকদের ভিড় বেড়ে গেছে। তাদের সুবিধা ও এখানকার প্রাণীদের অস্তিত্ব টিকিয়ে রাখতে নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। আইপ্যাক কর্মকর্তা শায়লা সুলতানা জানান, জাতীয় উদ্যানের ভেতরে এখন থেকে থাকবে পরিবেশবান্ধব রিকশা। রিকশার ভাড়াও নির্ধারণ করা থাকবে। পর্যটকেরা এসব রিকশায় চড়ে বন, পরিবেশ ও জীববৈচিত্র্য উপভোগ করতে পারবেন। পর্যটকদের কেনাকাটার জন্য থাকবে অনুমোদিত দোকান। স্থানীয় ব্যক্তিদের এসব দোকানের দায়িত্ব দেওয়া হবে। উদ্যানের এক প্রান্তে বাঘমারা বনবিট অফিসের সামনে গড়ে তোলা হচ্ছে বনভোজন কেন্দ্র। বনের পরিবেশ রক্ষার স্বার্থে এখানে আগুন জ্বালিয়ে রান্না করা যাবে না।
উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি রফিকুর রহমান জানান, রাজস্ব আয় বাড়ানোর জন্য আগামী ১ নভেম্বর থেকে পর্যটক, তাঁদের ব্যবহূত যানবাহন, বনভোজন কেন্দ্র ব্যবহারের জন্য ফি ও শুটিংয়ের জন্য আলাদা ফি প্রথা চালু করা হচ্ছে। প্রাপ্তবয়স্কদের প্রবেশমূল্য ২০ টাকা, অপ্রাপ্ত ও ছাত্রদের ১০ টাকা দিতে হবে। চলচ্চিত্রের শুটিং করতে দিতে হবে ছয় হাজার টাকা। যানবাহন পার্কিংয়ে মিনিবাসপ্রতি ২০ টাকা, প্রাইভেটকার ও ছোট যানবাহনপ্রতি ১০ টাকা দিতে হবে। আবার বনভোজনের জন্য জনপ্রতি ১০ টাকা হারে দেওয়া হবে।
Ref. URL: http://www.prothom-alo.com/detail/date/2009-09-30/news/8829
| Next > |
|---|























