বাংলাদেশের বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ গতকাল সোমবার কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাত্ করেছেন। সাক্ষাতে দুই নেতাই সুন্দরবনকে রক্ষায় দুই দেশকে এগিয়ে আসার আহ্বান জানান।
এ বৈঠকে বাংলাদেশের বন প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান আরও বাড়ানোর লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানান। পাশাপাশি কলকাতার পার্ক সার্কাসে বঙ্গবন্ধু সরণিতে বঙ্গবন্ধুর স্মৃতি রক্ষার্থে একটি মনুমেন্ট তৈরিরও প্রস্তাব দেন। এ ছাড়া কলকাতায় যাতে বাংলাদেশের বিভিন্ন চ্যানেল দেখা যায়, সে ব্যাপারে মুখ্যমন্ত্রীকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান হাছান মাহমুদ।
মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এসব প্রস্তাব বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। এর পাশাপাশি আগামী বছর রবীন্দ্রনাথের ১৫০তম জন্মজয়ন্তী দুই দেশ যাতে যৌথভাবে পালন করে, সে ব্যাপারে হাছান মাহমুদের কাছে প্রস্তাব দেন তিনি।
Ref. URL: http://www.prothom-alo.com/detail/date/2009-10-20/news/13628
| Next > |
|---|























