তথ্যপ্রযুক্তিভিত্তিক সমাজ গড়তে শহর ও গ্রামের সাধারণ মানুষকে তথ্যপ্রযুক্তির সুবিধার সঙ্গে পরিচিত করানোর ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। তিনি বলেন, সাধারণ মানুষ যদি তথ্যপ্রযুক্তির ব্যবহারিক জ্ঞান অর্জন করে, তাহলে তথ্যপ্রযুক্তি খাত দ্রুত সম্প্রসারিত হবে। খবর বাসসের।
রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল রোববার বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ সামিট-২০০৯’-এর উদ্বোধন করতে গিয়ে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ এবং বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএসের সভাপতি মোস্তাফা জব্বার।
রাষ্ট্রপতি বলেন, টেলিযোগাযোগ, বাণিজ্য, স্বাস্থ্য, ই-গভর্নেন্স ও পর্যটন খাতের উন্নয়ন এবং আধুনিকায়নের জন্য তথ্যপ্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার অত্যাবশ্যক।
তথ্যপ্রযুক্তির সুবিধা সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য যাতে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া যায়, সে জন্য গবেষণা চালানোর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি জিল্লুর রহমান।
রাষ্ট্রপতি বলেন, ‘এ জন্য সব বিভাগ, জেলা ও উপজেলায় প্রশিক্ষণ ও অবকাঠামো-সুবিধা বাড়ানোর লক্ষ্যে একটি প্রকল্প হাতে নেওয়া প্রয়োজন।’
Ref. URL: http://prothom-alo.com/detail/date/2009-11-23/news/21336
| < Prev | Next > |
|---|























