ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে র্যাব ও পুলিশ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। নগরবাসীর নিরাপত্তায় ঢাকা মহানগর পুলিশের পাশাপাশি র্যাবের আড়াই হাজার সদস্য দায়িত্ব পালন করছেন।
এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে র্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীসহ সারা দেশে সাত হাজার র্যাব সদস্য মোতায়েন থাকবে। মহাপরিচালক জানান, র্যাবের সদস্যরা পশুর হাটে চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমন, পশুবাহী যানে চাঁদাবাজি বন্ধ এবং ঈদ উপলক্ষে ঢাকার বাইরে যাওয়া লোকজন যেন নিরাপদে যেতে পারে, সে বিষয়ে কাজ করবেন। এ কারণে পশুহাট, কাঁচাবাজার, বিপণিবিতান, আড়ত, বাসস্ট্যান্ড, লঞ্চের টার্মিনাল, মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে পোশাকে র্যাবের সদস্যরা ও সাদা পোশাকে র্যাবের গোয়েন্দারা মোতায়েন থাকবেন। র্যাবের বিশেষ একটি দলও সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। এ ছাড়া ঈদের ছুটিতে ঢাকায় অপরাধী চক্রগুলো যেন সক্রিয় হতে না পারে, সে জন্যও র্যাবের সদস্যরা নজরদারি করবেন।
পুলিশ সূত্র জানায়, কোরবানির পশুর হাটে চাঁদাবাজি, ছিনতাই, ক্রেতা-বিক্রেতাদের হয়রানি ও পকেটমার প্রতিরোধে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে ডিবি পুলিশ দায়িত্বপালন করছে। জনসাধারণের চলাচলের সুবিধার্থে গুরুত্বপূর্ণ সড়ক সংযোগস্থলে পুলিশ এবং কমিউনিটি পুলিশের সমন্বয়ে বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রেলস্টেশন, লঞ্চ এবং সব বাস-টার্মিনালে যাত্রী হয়রানি, ছিনতাই বা যেকোনো সমস্যা মোকাবিলায় পুলিশ টার্মিনালকেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থা নিয়েছে। রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি, ত্রুটিপূর্ণ কাগজপত্র বা বৈধ কাগজপত্রহীন যানবাহনের বিরুদ্ধে তাত্ক্ষণিক আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশের বিশেষ দলও গঠন করা হয়েছে।
Ref. URL: http://prothom-alo.com/detail/date/2009-11-25/news/21657
| < Prev |
|---|























