ঘুষ গ্রহণ করার সময় মাদারীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রধান সহকারী মুজিবুর রহমান ভূঁইয়া এবং পরিদর্শক রূপকুমার বাড়ৈকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের বিশেষ দল তাঁদের গ্রেপ্তার করে।
দুদক জানায়, মাদারীপুরের সাবেক খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল ইসলামের পেনশনসংক্রান্ত আবেদনপত্র কর্তৃপক্ষের কাছে পাঠাতে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন মুজিবুর রহমান ভূঁইয়া এবং পরিদর্শক রূপকুমার বাড়ৈ। দুদকের ফরিদপুর কার্যালয় এই অভিযোগ পেয়ে ঢাকায় দুদক কর্তৃপক্ষকে জানায়। এরই পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে দুদকের একটি বিশেষ দল ফরিদপুরে গিয়ে ফাঁদ পাতে। আশরাফুল ইসলামের স্ত্রী বিলকিস ইসলামের কাছ থেকে এ দুজন ২০ হাজার টাকা নেওয়ার সময় দুদকের ওই দলটি তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করে। মাদারীপুর সদর থানায় এ ব্যাপারে মামলা হয়েছে।
Ref. URL: http://prothom-alo.com/detail/date/2009-11-26/news/21976
| Next > |
|---|























