কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘শেখ হাসিনার সরকার কৃষক ও গরিব মানুষের সরকার। এই সরকার দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
গতকাল মঙ্গলবার শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটা, চালকি ও চর অষ্টাধর ইউনিয়নের গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারের বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যশস্য বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, দেশের সোয়া কোটি দরিদ্র মানুষ পবিত্র ঈদুল আজহায় যাতে পেট ভরে ভাত খেতে পারে, সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্যশস্য বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে।
কৃষিমন্ত্রী নকলা উপজেলার তিনটি ইউনিয়নে ছয় হাজার ১৬০ জন দরিদ্র মানুষের মধ্যে মাথাপিছু ১০ কেজি করে চাল বিতরণ করেন।
এর আগে কৃষিমন্ত্রী পাঠাকাটা ইউনিয়নের পলাশকান্দী গ্রামে বি-৪০ ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসব অনুষ্ঠানে শেরপুরের জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান, নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহানউদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হানিফউদ্দিন, কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. বানেজ আলী মিয়াসহ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
Ref. URL: http://prothom-alo.com/detail/date/2009-11-25/news/21771
| < Prev |
|---|























