সৌদি আরবে হজ পালনকালে হজযাত্রীরা যেন হয়রানির শিকার না হন, সে জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এ ব্যাপারে পররাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে উত্তরার আশকোনায় হাজি ক্যাম্পে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এর আগে তিনি হাজি ক্যাম্প পরিদর্শন করেন।
শেখ হাসিনা বলেন, এ বছর তাঁর নিজেরও হজ করার ইচ্ছা ছিল। কিন্তু জলবায়ুর হুমকি মোকাবিলায় একটি সম্মেলনে যোগ দিতে আজ রাতে তাঁকে সুইডেনে যেতে হচ্ছে, তাই তিনি এ বছর হজে যেতে পারছেন না। আজকের এ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের, ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব আব্দুর রব হাওলাদার উপস্থিত ছিলেন।
কাল বুধবার প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওনা হবে। ইউএনবি।
Ref. URL: http://prothom-alo.com/detail/date/2009-10-20/news/13670
| < Prev |
|---|























