দেশের বিশিষ্ট ব্যক্তিদের অসন্তোষ প্রকাশের কারণে একুশে পদক প্রদান নীতিমালায় প্রয়োজনীয় সংশোধনী আনা হবে বলে জানিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। অন্যদিকে একুশে পদকের জন্য আবেদন করার বিজ্ঞপ্তি প্রকাশের প্রতিবাদ অব্যাহত রেখেছেন সাংস্কৃতিক কর্মীরা।
গতকাল বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বাসস জানায়, চলতি নীতিমালা অনুসারে অতীতের মতোই এ বছরও একুশে পদকের জন্য দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু দেশের বিশিষ্ট ব্যক্তিদের মতামতের পরিপ্রেক্ষিতে এ নীতিমালায় প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। এর মাধ্যমে সৃষ্ট জটিলতা দূর হবে।
এদিকে গতকাল সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষে দেশের ১২০ জন সাংস্কৃতিক কর্মী স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, এ ধরনের দরখাস্ত আহ্বান একুশে পদকের মর্যাদাকে শুধু ক্ষুণ্নই করবে না; পাশাপাশি আত্মমর্যাদাসম্পন্ন জাতীয় ব্যক্তিত্বদের এ পদক লাভ থেকে বঞ্চিত করবে। বিবৃতিতে স্বাক্ষরদানকারীদের মধ্যে রয়েছেন ঝুনা চৌধুরী, মান্নান হীরা, হাসান আরিফ, রফিকুল ইসলাম প্রমুখ।
Ref. URL: http://prothom-alo.com/detail/date/2009-10-02/news/9344
| Next > |
|---|























